স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ‘আছড়ে মারলেন’ কোলের শিশুকে, বাবা আটক

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার সিরাজ মার্কেটে এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাস বয়সি মেয়েকে আছড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সবুজের বস্তির একটি টিনশেড বাসায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শিশুটির বাবা তাকে মেঝেতে আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় রাফা মনি ওরফে কবিতা নামে শিশুটিকে রাতেই প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালেই রাফা মনি মারা যায়। তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্তানকে হত্যার অভিযোগে অটোরিক্সা চালক মো. কবিরকে আটক করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা শিশুটির বাবাকে আটকে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফা মনির মা লিমা আক্তারকে দেখা যায়, সন্তানের ছোট্ট দেহ আঁকড়ে ধরে পাগলের মত কাঁদছেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই ছিল। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী কবির মেয়েকে মাথায় তুলে পর পর দুইবার আছাড় মারেন। আহত অবস্থায় প্রথমে রাফা মনিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। সেখানে দুপুর আড়াইটার দিকে মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদ দিবসে আবু সাঈদকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
পরবর্তী নিবন্ধবদিউর রহমান চেয়ারম্যান ও সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান