ঝুঁকিপূর্ণ ফাটলধরা দেয়াল অপসারণে নিজ উদ্যোগে মাঠে মেয়র

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ফাটলধরা দেয়াল অপসারণে নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। জানা যায়, সমপ্রতি ওই এলাকায় একটি ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট ডেভেলপার কোম্পানিকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ দেয়ালটি ভেঙে অপসারণের নির্দেশ দেন। এ সময় ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দ্রুত দেয়ালটি অপসারণের আশ্বাস দেন। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জননিরাপত্তার স্বার্থে গতকাল পুনরায় ঘটনাস্থলে যান মেয়র। সেখানে তিনি নিজ উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে ঝুঁকিপূর্ণ দেয়াল অপসারণ কার্যক্রম শুরু করান এবং পুরো কার্যক্রম তদারকি করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়িত্বে অবহেলা করলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত অপসারণ করে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধগবেষণা ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়
পরবর্তী নিবন্ধকাহারঘোনা ও কাথরিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু