থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি লাইভ মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পর ব্যাংককের গভর্নর শহরের বারগুলোতে আরও কঠোর পরিদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও গাফিলতি কিংবা নিরাপত্তায় ফাঁক আছে কিনা সেটি খতিয়ে দেখছে। থাইল্যান্ডে সামপ্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে গত রোববার মধ্যরাতের কাছাকাছি সময়ে, শহরের উত্তরাঞ্চলীয় চাতুচাক এলাকার রং বিয়ার না লাত প্রাও বারে। খবর বিডিনিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া একতলা বিশিষ্ট ওই বারটিকে গ্রাস করে। মঙ্গলবার পর্যন্ত ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর পর মোট নিহতের সংখ্যা ৩০ এ পৌঁছায়। রেলস্টেশন এবং দুটি শপিং মলের পাশে একটি ব্যস্ত মোড়ে অবস্থিত বারটি সপ্তাহান্তের রাতে লাইভ মিউজিক, খাবার, অ্যালকোহল ও খেলা দেখার জন্য বেশ জনপ্রিয় ও জনাকীর্ণ থাকত। কর্তৃপক্ষ ধারণা করছে, সিলিংয়ের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অথচ গত এপ্রিলেই বারটিতে নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল। জরুরি বহির্গমন পথগুলো বন্ধ ছিল কি না এবং মঞ্চ সজ্জা ও শব্দ নিরোধক কাজে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।











