অতীত ইতিহাসের টানাপোড়েন তো আছেই; এর সাথে যোগ হয়েছে ফাইনালে ওঠার হাতছানি। পল স্কোলসের মনে হচ্ছে, আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচটি হতে পারে ভীষণ উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খল। হতে পারে গোল, হলদু আর লাল কার্ডের ছড়াছড়িও।
দ্বিতীয় সেমি–ফাইনালে আজ রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপার স্বাদ নিতে মরিয়া ইংল্যান্ড। এই মহারণে জয়ী দল কে হবে, সে উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে। তবে, অভিজ্ঞতার কারণে, আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখলেন স্কোলস। যদিও কোনো দলের খেলায় খুশি নন ম্যানচেস্টার ইউনাইটেডের এই গ্রেট। ‘আমার মনে হয়, ইংল্যান্ড ও আর্জেন্টিনা উভয় দল, একই পথ পেরিয়ে এসেছে। আমি মনে করি না, কেউ সেই মানের ফুটবল খেলেছে, কিন্তু তারা ভালো ফল পেয়েছে। আর্জেন্টিনার জন্য বড় সুবিধা হচ্ছে, তারা এই কাজটি আগেও করেছে এবং প্রতিযোগিতায় বড় ম্যাচগুলো কীভাবে জিততে হয়, তারা সেটা জানে। আমরা (ইংল্যান্ড) এখনও সেটা প্রমাণ করতে পারিনি।’ খবর বিডিনিউজের।










