পাওনা ৫০০ টাকা ফেরত চেয়ে হারালেন প্রাণটাই

বান্দরবানের নিউগুলশান এলাকায় এ ঘটনা

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

বান্দরবানে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাত্র ৫০০ টাকা পাওনা টাকাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উচনু মারমা স্থানীয় থোয়াইনুচিং মারমার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমা ওরফে সেলিম এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উচনু মারমাকে বেধড়ক মারধর করে উচিংনু। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উচনুকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক উচিংনু মারমা পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, ৫০০ টাকার ঘটনায় উচনু মারমা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধবহুমুখী সংকটে সংকুচিত হচ্ছে খাতুনগঞ্জের বাজার
পরবর্তী নিবন্ধকাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২২২ মেগাওয়াট