চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম এলাকা জিইসি মোড়। প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও বয়স্ক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পারাপার করেন। একটি আধুনিক ফুটওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ এখনো এর সুফল থেকে বঞ্চিত।
নির্মাণকাজ দীর্ঘায়িত হওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ব্যস্ত সড়ক অতিক্রম করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। অতীতে জিইসি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ বিলম্বিত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে, আর বর্তমানে নগরে একাধিক নতুন ফুটওভারব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জিইসি মোড়ের ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সম্পন্ন করুন। একটি নিরাপদ, আধুনিক ও চলাচল–উপযোগী ফুটওভার ব্রিজ শুধু যানজট কমাবে না, বরং অসংখ্য মানুষের জীবনও রক্ষা করবে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে জিইসি মোড়ের ফুটওভারব্রিজ দ্রুত উদ্বোধন ও জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা সময়ের দাবি।
চন্দন দেব নাথ
ষোলশহর, চট্টগ্রাম।











