চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা পুরাতন জরাজীর্ণ ৯৬টি খালি কন্টেনার প্রকৃত মালিকদের খালাস নেয়ার তাগিদ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সাঈদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন যাবত পড়ে থাকা অতি পুরাতন ও জরাজীর্ণ ৯৬টি খালি কন্টেনার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব কন্টেনার দীর্ঘদিন পড়ে থাকার কারণে বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। কন্টেনারগুলোর প্রকৃত মালিকদেরকে দ্রুত খালাস নেওয়ার জন্য বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বরাবর চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোন সদুত্তর কিংবা দাবিদার পাওয়া যায়নি। এছাড়া ৯৬টি খালি কন্টেনারের মালিক/শিপিং লাইন/এজেন্টদের পক্ষ থেকে কন্টেনারগুলো নিলামের ক্ষেত্রে কোন আপত্তি আছে কিনা, কোন রিট পিটিশন বা অন্য কোন আইনি প্রক্রিয়া চলমান আছে কিনা, সেই তথ্য চেয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বরাবর চিঠি পাঠানো হলেও কোন সদুত্তর কিংবা দাবিদার পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই অবস্থায় কন্টেনারগুলোর প্রকৃত মালিকদেরকে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সকল আইনগত, বিধিবদ্ধ ও আর্থিক শর্ত পূরণপূর্বক খালাস গ্রহণ বা নিজ হেফাজতে নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়সীমার মধ্যে খালাস গ্রহণ অথবা নিজ হেফাজতে নিতে ব্যর্থ হলে তবে কাস্টমস আইন, ২০২৩, নিলামের স্থায়ী আদেশ নং–৯১/কাস্টমস/ ২০২৫/১২৩, তারিখ: ০২/০৭/২০২৫ খ্রি. এবং নিলামের বিশেষ আদেশ নং–৮২/২০২৫/কাস্টমস, তারিখ: ১৪ মে ২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তীতে কোনো দাবি বা আপত্তি গ্রহণ করা হবে না।










