কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক বাজারঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন রবিন জানান, দুপুরের দিকে কর্ণফুলী নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি হেফাজতে নেয়। রবিন আরও জানান, আনুমানিক ২২ থেকে ২৫ বছর বয়সী ওই যুবকের গায়ে কেবল একটি লাল টিশার্ট ছিল। মরদেহটি ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, এটি ৩৪ দিনের পুরোনো লাশ। তবে শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা নদী থেকে মরদেহটি উদ্ধার করি। মৃতদেহটি এক উপজাতি যুবকের বলে ধারণা করা হচ্ছে। লাশটি বেশ বিকৃত ও বিভৎস অবস্থায় ছিল। ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত, একজনের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধটানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ চট্টগ্রাম আসছেন জামায়াতের আমির