বাসে যাত্রীর মোবাইল ছিনতাইয়ে জড়িত চক্রের মূল হোতা গ্রেপ্তার

ছিনতাইয়ে ব্যবহৃত ছোরাসহ ১১টি স্মার্টফোন উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

নগরীর বাসযাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই কাজে জড়িত চক্রের মূল হোতা সাইফুল ইসলাম প্রকাশ বাদশা (৩৬)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছোরাসহ ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। গতকাল বিকাল ৪টা ৩৫ মিনিটে পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকার একটি বাসে ছিনতাইকারী চক্রের হোতা সাইফুল ইসলামসহ একটি চক্র ছোরা দিয়ে ভয় দেখিয়ে রোমন শেখ নামে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় উক্ত ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন। মামলার পর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে এবং তাদেরকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পটিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলাম প্রকাশ বাদশাকে গ্রেপ্তার করে। বাদশা পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এম্পুমিয়ার বাড়ির শামছুল আলমের ছেলে। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাইকৃত এগারোটি ফোন উদ্ধার করে। এর মধ্যে ভুক্তভোগীর রোমন শেখের ফোনটিও রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সে তার অপরাপর সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীসহ বাসের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করে। আটককৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। চক্রের অপরাপর আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা