সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ৫:১৮ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম তানভীর নামের ১০ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড থানার ওসি মোঃ মহিনুর ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।

আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের খেজুরতলা বাগানবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল ইসলাম তানভীর ওই এলাকার মোঃ মহিন উদ্দিনের ছেলে।

এদিকে স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ের মাটি অনেকটা নরম হয়ে যায়। তারই প্রেক্ষিতে এদিন সকালে পাহাড়ের একটি অংশ হঠাৎ করে বসতঘরে ধসে পড়ে। এ সময় পরিবারের সাথে ঘরে থাকা ১০ মাস বয়সের তানভীর মাটি চাপা পড়ে মারাত্মক আহত হয়।

পরে থাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা বর্ষার শুরু থেকেই যে সকল পরিবার পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে, তাদের সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে অবগত করেছি।

পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ের জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরে যাওয়ার জন্য জঙ্গল সলিমপুরের ১১টি সমাজের সর্দারদের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরাও চাই যারা অতি ঝুঁকিতে বসবাস করছে তারা সবাই নিরাপদে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক