যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়া অব্যাহত রাখলে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না বলে সতর্ক করেছে ইরান। খবর বিডিনিউজের।
মঙ্গলবার আল জাজিরা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যদি হুমকি অব্যাহত থাকে তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু নাও হতে পারে। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির (এমওইউ) ১৩ নং অনুচ্ছে উদ্ধৃত করেছেন। আরাকচি আরও বলেছেন, লাখ লাখ গর্বিত ইরানি নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে জড়ো হচ্ছেন। সামাজিক মাধ্যম এক্স এর পোস্টে তিনি বলেন, তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কোনো হুমকিতে টলবে না। আপনার (ট্রাম্প) স্বাক্ষরকে সম্মান করুন। সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ফের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টা পর আরাকচি এসব মন্তব্য করলেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হয় একটি চুক্তিতে পৌঁছাবে অথবা কাজ শেষ করবে। তিনি আরও বলেছেন, আমরা ছাড় আদায় করেছি। এখন তাদের সেই ছাড়গুলো মেনে চলতে হবে আর সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।










