চকবাজারে এম এম রহমান খানম আবাসন প্রকল্প উদ্বোধন

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

এম এম প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের নতুন প্রকল্প ‘এম এম রহমানখানম’এর উদ্বোধন উপলক্ষে গতকাল সোমবার নগরের চকবাজার ডিসি রোডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বাবুই পাখির মতো মানুষেরও সুপ্ত একটা স্বপ্ন থাকে নিজের একটি ঘরের।সে ঘর যারা গড়ে তারা যেন মানুষের সেই লালিত স্বপ্নই বুনে। তিনি আশা প্রকাশ করেন ডেভেলাপার প্রতিষ্ঠান এম এম প্রপার্টিজ অ্যান্ড ডেভেলাপমেন্ট আবাসিক ভবন নির্মাণের সব বিধিবিধান মেনে গ্রাহক বান্ধব এপার্টমেন্ট তৈরি করতে সক্ষম হবে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এই ভবনটির জমি আমার পৈতৃক সম্পত্তি। প্রকল্পটি যারা ডেভেলপ করছেন, তারা আমার বাবামায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এর নাম রেখেছেন ‘রহমান খানম’। ‘রহমান’ আমার বাবার নাম এবং ‘খানম’ আমার মায়ের নাম। এভাবে তাঁদের নামকে স্মরণীয় করে রাখায় আমি সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, সিডিএ’র সব ধরনের নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। শুধু এ প্রকল্প নয়, নগরীর সব নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেই এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে অন্য কারও দুর্ভোগ সৃষ্টি না হয় এবং জলাবদ্ধতার মতো সমস্যা বাড়ে না। একটি নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেভেলাপমেন্ট প্রতিষ্ঠান এম এম প্রপার্টিজ অ্যান্ড ডেভেলাপমেন্টের চেয়ারম্যান রায়হানুল ইসলাম গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার প্রতিশ্রতি ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক চাটগাঁর চোখের সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম। অনুষ্ঠানে নতুন প্রকল্পের সফলতা, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুরো দেশ যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করতে হবে : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা সকলের মানবিক দায়িত্ব