শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন প্রবাসী কিংস চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী কিংস চট্টগ্রাম। পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রবাসী কিংস চট্টগ্রাম টাইব্রেকারে ৫৪ গোলে শহীদ ওয়াসিম আকরাম একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ২২ গোলে ড্র থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। খেলায় বিজয়ী দল প্রথমে ২০ গোলে এগিয়ে থাকে। পরে ওয়াসিম আকরাম একাদশ গোল শোধ করে দিলে ২২ গোলে খেলা শেষ হয়। প্রবাসী কিংস চট্টগ্রামের পক্ষে জাতীয় তারকা জাফর ইকবাল এবং বিদেশি ফুটবলার ন্যানি গোল করেন। অন্যদিকে ওয়াসিম আকরাম একাদশের পক্ষে ফাহিম ইউনুস এবং

সুলেমান কান্তে গোল করেন। বৃষ্টির কারণে ভারী মাঠে খেলতে খেলোয়াড়দের সমস্যা হলেও মাঠে ছিলেন প্রচুর উৎসাহী দর্শক। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ফাইনাল খেলা দেখার জন্য শাহজাহান মাঠের চারিদিকে উপস্থিত হন। ফাইনালে জাতীয় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে গড়া প্রবাসী কিংস চট্টগ্রাম ও শহীদ ওয়াসিম আকরাম একাদশের মধ্যকার তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটি তারা প্রাণভরে উপভোগ করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রবাসী কিংস চট্টগ্রাম ও জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন প্রবাসী কিংস চট্টগ্রাম ও জাতীয় দলের খেলোয়াড় জাফর ইকবাল। সেরা গোলরক্ষক নির্বাচিত হন প্রবাসী কিংস চট্টগ্রামের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদ ওয়াসিম আকরাম একাদশের ওহি এবং টুর্নামেন্টের সুশৃংখল দল মনোনীত হয় পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এর আগে ফাইনাল খেলা উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।

খেলা শেষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে দলীয় ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন। বিজয়ী দলকে ট্রফি সহ ২,০০,০০০ টাকা ও বিজিত দলকে ট্রফি সহ ১,০০,০০০ টাকা এবং ব্যক্তিগত পুরস্কার বিজয়ীদের ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চলের মহাপরিচালক মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, প্রধান পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম আর মঞ্জু, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, নগর যুবদলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাক, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব, সিজেকেএস এডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্যারাগুয়ের চেয়ে এগিয়ে থাকার তৃপ্তি এমবাপ্পের
পরবর্তী নিবন্ধটেস্টের ব্যর্থতা ওয়ানডেতে ভুলতে চায় টাইগাররা