মীরসরাই উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মোটরসাইকেলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে অর্থনৈতিক অঞ্চলগামী সড়কের আবুতোরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, নিজের অফিসিয়াল কাজে বাইকযোগে অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা গ্রামে।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, নিহত আনসার কর্মকর্তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ওদের কাছেই মৃতদেহ হস্তান্তর করা হবে।











