ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি ফ্লাইট অপারেটর এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ফ্লাইটে থাকা ৭০ জন যাত্রী এবং ৪ জন ক্রুর সবাই নিরাপদ রয়েছেন। যাত্রীদের পরবর্তীতে অপর একটি ফ্লাইটে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় ফ্লাইটটির যাত্রা করার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে এটি ঢাকা থেকে উড্ডয়ন করে। আকাশে ওঠার অল্প সময়ের মধ্যে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল দৈনিক আজাদীকে বলেন, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখতে পারেনি। পরে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন।
ফ্লাইটটির যাত্রী এবং বাংলাদেশ কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম নিরাপদে উড়োজাহাজ অবতরণ করায় পাইলটের পেশাদারিত্বের প্রশংসা করেন।
এয়ার অ্যাস্ট্রার অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) এ এফ এম রুবায়াত–উল–জান্নাত সাংবাদিকদের বলেন, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। পরে অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করে একই ফ্লাইটের ৭০ জন যাত্রীকে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে। তবে উড়োজাহাজটির ইঞ্জিনে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি এয়ার অ্যাস্ট্রা।












