হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ৪:৫০ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে, ভাইরাসজনিত রোগটির উপসর্গ নিয়ে গেল ১০ দিনের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২৫ জুন হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর খবর এসেছিল।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৪৫ জনের। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭৮ জন ঢাকায় মারা গেছেন। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৮৮, সিলেটে ৮৫, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে রোগটির লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন ৯২৫ জন। এর মধ্যে ৮৭৮ জনকে ভর্তি নেওয়া হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩৪ জন, রাজশাহীতে ৩৮, সিলেটে ৭৯, চট্টগ্রামে ১৮৯, বরিশালে ১২৮, ময়মনসিংহে ৫১, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে রয়েছেন ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গেল ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮৮ হাজার ৮৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরেছেন ৮৫ হাজার ১২২ জন। এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৬১৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধউড্ডয়নের তিন মিনিটের মধ্যে ইঞ্জিনে ত্রুটি