চন্দনাইশে পুকুরে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। বোয়ালখালীতে পুকুরে ডুবে মারা গেছে আরেক শিশু।
চন্দনাইশে দুজনের মৃত্যু : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে একইদিনে পৃথক স্থানে পুকুরে ডুবে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ৩ জুলাই দুপুরে উপজেলার ছৈয়দাবাদ ও মাইগাতা এলাকায় এ দুই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হাশিমপুর সৈয়দাবাদ এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ (৫) গতকাল দুপুরে বাড়ির উঠোনে খেলার সময় সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে দীর্ঘক্ষণ পর পুকুর থেকে তার ভাসমান নিথর দেহ উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ দুপুরে গোসল করতে বাড়ির পাশ্ববর্তী পুকুরে যান। এক পর্যায়ে তিনি পুকুরের তলদেশে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুরে তার দেহ ভেসে উঠলে আত্মীয়–স্বজনরা তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমদ ছফা শিপা জানান, পুকুরে পড়া ২ জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
বোয়ালখালীতে শিশুর মৃত্যু : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত ধোরলা গ্রামের মুন্সি চেয়ারম্যান বাড়ির মো. লিটনের ছেলে। সে সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রাহাতের বাবা লিটন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মাদ্রাসা পুকুরে একা গোসল করতে গিয়েছিল রাহাত। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বলেন, বিকেল ৩টার দিকে রাহাত নামের এক শিশুকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।












