ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়িকে ইঙ্গিত করে হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার শিকার ব্যবসায়ী লিটন দাশ বলেন, রাত ৮টা ১৬ মিনিটের দিকে আমাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আমি ঘরের ভেতরে থাকায় কোনোমতে বেঁচে গেছি। তারা খুব দ্রুত পালিয়ে যাওয়ায় আমি কাউকে চিনতে পারিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ডুবে তিন মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে সীমান্তে কঠোর নজরদারি