ছড়া লিখতে সকাল দুপুর
রাত ফুরিয়ে যায়,
এই তো মিলের ছন্দ পতন
অন্ত্যমিল না পায়।
মাথায় আসে নানান কথা
চোখে ভাসে ছবি,
আনমনা তাই ভেবে বসি
আমি হবো কবি।
তাহলে তো পড়তেই হবে
রবি নজরুল বই
ডাকবে যখন ভোরের পাখি
থাকবে না হইচই।
খোকাখুকুর মনের কথা
লিখবো মাত্রা গুণে,
হাতে তালি দিয়ে তারা
পড়বে শুনে শুনে।
হাতে লাঠি চোখের চশমা
গোঁফ–দাড়িতে সাদা,
দেখলে সবাই বলবে হেসে
যাচ্ছে ছড়ার দাদা।












