ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ আসনে ভোটে জিতলেও ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে দাবি করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর সংবাদমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় সীতাকুণ্ড ও পাহাড়তলী আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া আসলাম চৌধুরী এমন প্রতিক্রিয়া দেন। খবর বিডিনিউজের।
আসলাম চৌধুরীর মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে তার ভিডিও বার্তা পাঠানো হয়। এতে তিনি বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় আসেনি। পূর্ণাঙ্গ রায়ের পরে আইনি কোনো বিষয় থাকলে সবকিছু মিলে আমাদের রিভিউ করার সুযোগ থাকবে। রিভিউর মাধ্যমে আমার বিশ্বাস যে, জনগণের রায়ের প্রতিফলন হবে এবং সবকিছু মিলে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তবে এ রায়ের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ পরিচালনা করছে বলেও মনে করেন তিনি।
সীতাকুণ্ডবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নির্বাচনের যখন মনোনয়নপত্র দাখিল করি, রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নপত্র বৈধ করেছেন। পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন আমাদের মনোনয়নপত্র বৈধ করেছে। তারা পরবর্তীতে হাই কোর্টে রিট করেছে, রিটও তাদের খারিজ করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে, আপিলের পরও আমাকে নির্বাচন করতে দিয়েছে এবং জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে, আমাদের ঋণখেলাপির যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুসারে আমরা ওই যে প্রতিটি পর্যায়ে বৈধ হয়েছি। এখন যদি আপিল বিভাগ নতুন কোনো সংজ্ঞা দেয়, অবশ্যই আপিল বিভাগের রায়ের বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। তবে এটি জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয় নাই, জনগণের মতামতের যে প্রতিফলন হয় নাই সেটাই হলো বিবেচ্য বিষয়।









