কর্ণফুলীতে নোঙর করা ফিশিং জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৮:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা এফভি ‘দেশ ফিশিং’ নামে একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা জাহাজটিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

জানা গেছে, গতকাল সোমবার দুপুর ২টার দিকে সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা হয়।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে বিকট শব্দের পর বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়লে জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন।

খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৩১৬।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে বিস্তারিত জানাবে।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার