শহর সমাজসেবা কার্যালয়–২, চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত ‘আশার আলো স্কুল’ চট্টগ্রাম নিউমুরিং নাবিক কলোনী–২ ক্যাম্পাসে বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প গতকাল ২৯ জুন সম্পন্ন হয়। স্কুলে অধ্যয়নরত প্রতিবন্ধী শিশুদের নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদানের (সুবর্ণ নাগরিক কার্ড) উদ্দেশ্যে পরিচালিত বিশেষ প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ ক্যাম্প সমন্বয় করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। তাঁকে সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার (শামীম), পৌর সমাজকর্মী মৌসুমী আক্তার মিতু, শিশু সুরক্ষা সমাজকর্মী সানোয়ারা বেগম প্রমুখ।
আশার আলো স্কুল চট্টগ্রামের অধ্যক্ষ লেঃ কমান্ডার মোঃ শরীফুল ইসলাম (শিক্ষা) বলেন, অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস, শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, দৃষ্টিপ্রতিবন্ধিতা, বাকপ্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শ্রবণপ্রতিবন্ধিতা, শ্রবণ–দৃষ্টিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা সম্পন্ন ১৯২ জন ছাত্র–ছাত্রী বর্তমানে এ স্কুলে লেখাপড়া করে। আশার আলো চট্টগ্রাম এমন একটি দরদী সমাজ গড়তে চায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সম–অধিকার, সুযোগ, প্রবেশগম্যতা ও মযার্দা পাবে।
শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও নিবন্ধন একটি নিয়মিত ও চলমান কার্যক্রম। প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্ট পূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি।











