নরওয়ে–আইভরিকোস্ট ম্যাচে অনুমিতভাবেই কেন্দ্রে থাকবেন আর্লিং হালান্ড। গোলের জন্য তার দিকে তাকিয়ে থাকবে নরওয়ে। আর এই তারকা ফরোয়ার্ডকে কড়া পাহারায় নিস্ক্রিয় করে রাখতে চাইবে আইভরি কোস্ট। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচ সামনে রেখে দলটির কোচ আইমার্স ফাই বলেন, হালান্ডের আলোটুকু কেড়ে নিতে চান তারা। গ্রুপ পর্বে হালান্ডের আলোতেই অনেকটা আলোকিত ছিল নরওয়ে। ইরাক ও সেনেগালের বিপক্ষে দুই ম্যাচে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ফ্রান্সের বিপক্ষে তাকে বিশ্রাম দেন কোচ; ম্যাচটিও নরওয়ে হেরে যায় ৪–১ গোলে। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। হালান্ড ফিরবেন নরওয়ের আক্রমণভাগে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আটকে রাখার সামর্থ্য আছে আইভরি কোস্টের রক্ষণের।
বিশেষ করে, তাদের রক্ষণে আছেন উসমানে ডায়মন্ডে। ২২ বছর বয়সী এই তরুণ ইতোমধ্যে নজর কেড়েছেন সবার। আইভরি কোস্টের আক্রমণভাগও বেশ শক্তিশালী। ইয়ান ডায়মন্ডে, কুরাসাওয়ের বিপক্ষে জোড়া গোল করা নিকোলাস পেপে, একুয়েডরের বিপক্ষে একমাত্র গোলটি করা আমাদ জিয়ালো আছেন। তরুণ আইশ–ইয়োয়ান বনিসহ সব মিলিয়ে দলটিতে আক্রমণভাগের খেলোয়াড়ই নয় জন। ফাইয়ের বিশ্বাস, তার আক্রমণভাগের সামর্থ্য আছে হালান্ডকে আলোহীন করে দেওয়ার। ‘আমি মনে করি, সবার গোল ভাগ করে নেওয়া আমাদের আক্রমণভাগের শক্তিটা দেখাচ্ছে। যেটা কাজে লাগিয়ে আমরা প্রতিপক্ষকে জাপটে ধরতে পারি এবং মাঠের সব জায়গায় তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারি। এমনকি, আমাদের বেঞ্চে থাকারাও মাঠে নেমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’












