হাটহাজারীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি–পিসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ওয়ালটন শোরুমসংলগ্ন খাগড়াছড়ি–চট্টগ্রাম সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)। এ সময় অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ (মিনি ট্রাক) জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ২৩৮ পিস শাড়ি ও ২৪৬ পিস থ্রি–পিস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।












