বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়–বুয়েটে ছাত্রলীগের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে ঢাকার গুলিস্তানে সড়কের নামকরণের পর এবার তার নামে বুয়েটে একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। গতকাল শনিবার বিকালে বুয়েটে এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির বহু শিক্ষার্থী আবাসন পাচ্ছেন না বলে তুলে ধরে হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, আমরা দেখেছি বুয়েট অনেক মেধাবী, আবার এটাও দেখেছি যে ঘটনা বুয়েটে ঘটেছে সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না। আমরা হল করব বটে। তবে এই বুয়েটের মেধাবী ছাত্ররা যে মাঝে মাঝে নষ্ট হতে পারে, সেটা স্মৃতিরপাতায় লেখার জন্য আমরা সেই আবরার নামেও একটি হল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। বর্তমান ক্যাম্পাসে জায়গা না থাকায় পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠা করে আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেছেন তিনি। খবর বিডিনিউজের। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবাসনের সমস্যা হলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে সিটের অপ্রতুলতা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং এই সমস্যার সমাধান করব।












