সম্প্রতি সুবর্ণ এক্সপ্রেসে করে ঢাকায় যাচ্ছিলাম। এক যাত্রী খুব রাগান্বিত স্বরে বলে উঠলেন, ‘বগিগুলোর নাম কি ক, খ, গ দেওয়া হয়েছে? এগুলো ধরতে কি অসুবিধা হয় না?’ আসলে আমাদের দেশের অনেক তথাকথিত শিক্ষিত মানুষের কাছেই বাংলা ব্যঞ্জনবর্ণ যেন অপরিচিত হয়ে উঠছে। প্রকৃতপক্ষে শিক্ষিত ব্যক্তি থেকে শুরু করে ছাত্রছাত্রী সবারই স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে বলতে পারার বিষয়ে সন্দেহ থেকে যায়। এটাই আমাদের মাতৃভাষার প্রতি অবহেলা ও অশ্রদ্ধার একটি দৃষ্টান্ত। ভাষার প্রতি আমাদের উদাসীনতা, তুচ্ছ–তাচ্ছিল্য এবং অনাগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করেন, দু–চারটি ইংরেজি শব্দ বা বাক্য বলতে পারলেই তিনি খুব জ্ঞানী হয়ে গেছেন। কিন্তু যারা নিজেদের দেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যকে মর্যাদা দিতে জানেন না, তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক হতে পারেন না। আসুন, আমরা দেশের প্রতি এবং মাতৃভাষার প্রতি আরও আনুগত্যশীল হই। বাংলা ভাষাকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে সম্মান করি এবং নতুন প্রজন্মের মাঝে ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় সচেষ্ট হই।











