খাগড়াছড়ির রামগড়ে ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মামা বাদী হয়ে রামগড় থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম ওমর ফারুক (৪০)। তিনি পেশায় একজন চা দোকানি এবং ভুক্তভোগী ছাত্রীর এক সহপাঠীর বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নানা বাড়ির রান্নাঘরে একাকি কাজ করছিল ওই ছাত্রী। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে কুপ্রস্তাব দেন। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ওমর ফারুক পালিয়ে যান।
ভিকটিমের এক স্বজন বলেন, ঘটনার সময় ভিকটিমের নানি বাড়ির পাশে একটি জলাশয়ে মাছ ধরছিলেন। আর পরিবারের অন্য সদস্যরা রামগড়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘরে কেউ না থাকার এ সুযোগে ওমর ফারুক এই ঘটনা ঘটান। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মামা ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। দুপুরে ঘটনা ঘটলেও ভুক্তভোগীর পরিবার থানায় আসতে কিছুটা দেরি করেছে। স্থানীয়ভাবে জানা গেছে, ঘটনার পর ওমর ফারুকের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। পরে গভীর রাতে ভুক্তভোগীর পরিবার থানায় আসে। ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।












