কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৬৫) ওই এলাকার মৃত আবদু ছাত্তারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে বলা হয়, ঘটনার রাতে স্থানীয় শিফাতসহ কয়েকজন যুবক আবু তাহেরের বাড়ির সামনে এসে ঢিল ছোড়ে এবং অশালীন আচরণ করে। বিষয়টির প্রতিবাদ করতে বের হলে অভিযুক্তরা ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু তাহেরকে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, হত্যার ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।











