পোশাক বদল বা নাম পরিবর্তন করলেই কোনো বাহিনীর মানসিকতার পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–৬ আসনের বিএনপির সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গতকাল শনিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
বাজেট বক্তব্যে স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্য রাখতে চেয়েছিলেন তুলে ধরে গিয়াস কাদের চৌধুরী বলেন, বিরোধী দলের সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ে অনেক কথা বলেন এবং সরকারকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। বাস্তবতা হল, পোশাক বদলি করে, নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটিকে অপ্রিয় সত্য বলে বর্ণনা করে তার দাবি, সামরিক বাহিনীর নাম পরিবর্তন হয়নি কিন্তু ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসের নাম বদলে দেওয়া হয়েছে। ‘বিডিআর হত্যাকাণ্ডের’ প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা ঘটিয়েছে বিডিআর বিদ্রোহ, যারা ঘটিয়েছে বিডিআর হত্যা, তারা বলে বিডিআর বিদ্রোহ। কিন্তু এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যা। তারপরে বাংলাদেশ রাইফেলস একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পাল্টিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। নাম পরিবর্তনে বিডিআরের ঘটনায় সেনা কর্মকর্তাদের মনে সৃষ্ট ক্ষত দূর হবে না বলেও মনে করেন তিনি। গিয়াস কাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে বিশেষ বরাদ্দ দিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও শক্তিশালী করতে প্রস্তাব দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত বাজেটেরও প্রশংসা করেন চট্টগ্রামের এই সংসদ সদস্য।











