পাচারকারী চক্রের ২ সদস্যসহ তিনজনের কারাদণ্ড

ইপিজেডে ভিক্ষুকের শিশু অপহরণ মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডে ভিক্ষুক নারীকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তার ৬ মাস বয়সী শিশুকে অপহরণের দায়ে শিশু পাচারকারী চক্রের ২ সদস্যকে মোট ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেনইকবাল হোসেন ও মো. আফসার। এছাড়া রায়ে সালেহা বেগম নামের এক নারীকে ৩ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া দেওয়া হয়েছে। পাশাপাশি পারভীর আক্তার নামের অপর একজনকে খালাস দেওয়া হয় জানিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী এমদাদুল হক মিলন দৈনিক আজাদীকে বলেন, শিশু পাচারকারী চক্রের সদস্য ইকবাল ও আফসারকে পৃথক দুটি ধারায় ৭ বছর ও ৫ বছরের কারাদণ্ড, পাশাপাশি তাদেরকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। বিচার প্রক্রিয়ায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

২০১৯ সালের ১৫ মার্চ নগরীর ইপিজেডের নেভী কলোনী১ এলাকায় ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ভিক্ষা করছিলেন শিরিন বেগম। তখন নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তার শিশুটিকে অপহরণ করা হয় উল্লেখ করে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছিলেন তিনি। পরে তদন্ত শেষ করে পুলিশ চার্জশিট দাখিল করলে আদালত চার আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের পাহাড়ে ফের দুই শ্রমিক অপহরণ
পরবর্তী নিবন্ধজুলাই স্মরণে জামায়াত জোটের ৩৬ দিনের কর্মসূচি