৩৯ বছরে মেসি : ফুটবল নায়ককে অভিনন্দন

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের জমজমাট আবহ ও উন্মাদনার মাঝেই গতকাল ৩৯ বছর বয়সে পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ এই দিনে সতীর্থ, সাবেক খেলোয়াড় এবং কোচদের কাছ থেকে অজস্র শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন তিনি; অনেকেই তাকে সংজ্ঞায়িত করেছেন ‘ফুটবলের ইতিহাস বদলে দেওয়া মানুষ’ হিসেবে। কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের বিশ্বকাপটি ডিসেম্বরে হওয়ায় জন্মদিনে মাঠের বাইরে ছিলেন মেসি। তবে তার খেলা বাকি ছয়টি বিশ্বকাপের মধ্যে পাঁচটির সময়ই রোসারিওতে জন্ম নেওয়া এই তারকার জন্মদিন পড়েছে বিশ্বকাপ চলাকালীন। বর্তমানে আর্জেন্টিনা দলের সঙ্গে কানসাস সিটিতে অনুশীলনের ব্যস্ততার মাঝেই জন্মদিন উদযাপন করছেন তিনি। লিওনেল মেসির এই বিশেষ দিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করেছে। এএফএ লিখেছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আজ লিওনেল আন্দ্রেস মেসিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক, পতাকাবাহী এবং প্রতীক। আজ তিনি ৩৯ বছর বয়সে পদার্পণ করলেন এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে একের পর এক অবিস্মরণীয় পাতা লিখে চলেছেন। বর্তমান বিশ্বকাপে এক বর্ণিল ও অনন্য ভূমিকা তিনি পরম আনন্দে উপভোগ করছেন।’ বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের গৌরবময় ক্যারিয়ারের নানা অর্জন পুনর্বিবেচনা করে আর্জেন্টিনার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি আরও যোগ করেছে, ‘৩৯ বছর বয়সে এসেও লিওনেল মেসি শুধু প্রাসঙ্গিকই নন, বরং তিনি এখনও ইতিহাস গড়ে চলেছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই স্বীকৃতি অত্যন্ত সরল ও পরম: এত সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য, অনুকরণীয় দৃষ্টান্ত হওয়ার জন্য এবং জাতীয় গৌরবের এত বড় উৎস হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।’ মেসির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এএফএএর সভাপতি ক্লাদিও ‘চিকি’ তাপিয়া। তিনি লিখেছেন, ‘প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি আলিঙ্গন এবং প্রতিটি চিরন্তন মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ। কেবল পৃথিবীতে টিকে থাকার জন্যই তোমাকে ধন্যবাদ, ১০ নম্বর। শুভ জন্মদিন! তোমার জীবনের সবচাইতে সুন্দর সময় কামনা করি।’ জাতীয় দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ এবং তার ঘনিষ্ঠ বন্ধু সের্হিও আগুয়েরো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তোমাকে অনেক ভালোবাসি।’ আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর পাশাপাশি মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছে, ‘ফুটবলের ইতিহাস। শুভ জন্মদিন, লিও।’

পূর্ববর্তী নিবন্ধকঙ্গোকে হারিয়ে নক আউটে কলম্বিয়া
পরবর্তী নিবন্ধপানামার বিদায় নিশ্চিত করলো ক্রোয়েশিয়া