বৃষ্টিভেজা বাঁকে মুখোমুখি দুই বাস, পাহাড়ে একটির ধাক্কা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

কাপ্তাই সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস সড়কের পাশের পাহাড়ে ধাক্কা খেয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে উপজেলা সদর বরইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাপ্তাই থানা সূত্রে জানা যায়, ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বরইছড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি হয়। এ সময় দুটি বাসই হঠাৎ ব্রেক করে। তখন এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়া এবং সেখানে বাঁক থাকায় দুটি বাসের মধ্যে হালকা সংঘর্ষ হয়। একপর্যায়ে সৌদিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশের ড্রেনে আটকে যায়। অন্য বাসটি কোনোভাবে ঘটনাস্থল পার হয়ে যায়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে। পুলিশ জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত না হওয়ায় এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটিয়ার সাবেক মেয়র
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার