শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে প্রবাসী কিংস চট্টগ্রাম। গতকাল রোববার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারা টাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রবাসী কিংস চট্টগ্রামের গোলরক্ষক তুষার। তার হাতে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ডা. একে এম আশরাফুল করিম, নগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, শাহিন পাটোয়ারী, আনোয়ার হোসেন পাটোয়ারী বাবুল, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, মাস্টার আরিফ, ম্যাচ অফিসিয়াল মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে টুর্নামেন্ট কমিটি উল্লেখ করে।












