চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজেদের টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ(চসিক)। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে সিটি করপোরেশন ৭ উইকেটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ হন সিটি করপোরেশনের খোরশেদ আলম (২ ওভারে ১৮ রানে ৩ উইকেট)। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য ও নগর জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনাস।
সংক্ষিপ্ত স্কোর : নোয়াপাড়া লায়ন্স ক্লাব – ৬০ (৯.৫ওভার),সিটি করপোরেশন – ৬৩/৩ (১০.১ ওভার)। দিনের ২য় খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ উইকেটে চন্দনাইশ উপজেলাকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বন্দর কর্তৃপক্ষ দলের মোহাম্মদ মাহিমের হাতে পুরস্কার তুলে দেন মহানগর ছাত্র দলের আহবায়ক সাইফুল আলম ও চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জালাল উদ্দীন।
সংক্ষিপ্ত স্কোর : চন্দনাইশ উপজেলা – ১২৯/৬ (২০ওভার),চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ – ১৩৩/৫ (১৯.২ওভার)। আজ সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচ এফএমসি স্পোর্টস বনাম সীতাকুণ্ড উপজেলা ও ২য় ম্যাচ আবাহনী জুনিয়র বনাম ডবলমুরিং ক্লাব।












