পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে বহাল রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ‘রাঙামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজের’ ব্যানারে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে লংগদু উপজেলার কালাপাগোজ্জা মৌজার হেডম্যান মীর সিরাজ ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন– হেডম্যান প্রতিনিধি সুজিত দেওয়ান, জেলা মহিলা দলের সভাপতি নূর জাহান পারুল, কার্বারি (গ্রামপ্রধান) সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা, মহিলা হেডম্যান ম্যামাসিং মারমা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্যবাসী প্রত্যাশা করেছিল পাহাড়ে পাহাড়ি–বাঙালি সম্প্রীতির বন্ধনে বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় পার্বত্যবাসী আজ হতাশ, আমাদের মানববন্ধন করতে হচ্ছে। পাহাড়ি–বাঙালির শান্তি প্রতিষ্ঠা দীপেন দেওয়ান ছাড়া সম্ভব নয়। দীপেন দেওয়ান এমপিকে পুনরায় মন্ত্রী পদে বহাল না রাখলে সরকারকে একদিন ভুলের মাশুল দিতে হবে। কেননা পার্বত্য চট্টগ্রামে দীপেন দেওয়ান এমপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে অসুস্থতার কারণ দেখিয়ে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। মানববন্ধন শেষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করাসহ ৫ দফা দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।












