ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে প্রচার, আইনি নোটিস

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তাএআই ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রোববার নড়াইল জজ আদালতের আইনজীবী ফেরদৌস ইসলাম তনু ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে এ নোটিস পাঠান। খবর বিডিনিউজের। নোটিসে বলা হয়, শাহাদাত জালাল পিয়াসের বন্ধু মির্জা গালিব স্বতেজ ব্রাজিল দলের সমর্থক। সোহাগ ফরাজী এআই ব্যবহার করে তার ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি তৈরি করেন। পরে সেগুলো নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করেন। তিনি নড়াইল সদর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা। সোহাগ ফরাজী আর্জেন্টিনা দলের সমর্থক। নোটিসে বলা হয়, এসব ছবি ও পোস্টের কারণে মির্জা গালিব স্বতেজের ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব কনটেন্ট প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

নোটিসে সোহাগ ফরাজীকে ৭২ ঘণ্টার মধ্যে সব ছবি ও পোস্ট ফেইসবুক থেকে সরিয়ে ফেলতে এবং তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধআহলে বায়াতে রাসুলের (দ.) প্রতি ভালবাসাই প্রকৃত ইসলামের মূল ভিত্তি