কয়েক দিন আগে দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর জানিয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। সেই আলোচনা না থামতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বধূবেশের নতুন ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। ছবিতে তাকে দেখা যায় বেগুনি রঙের নকশাখচিত লেহেঙ্গায়।
তবে এটি ব্যক্তিগত কোনো আয়োজনের ছবি নয়, একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই এই সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
ভারী কারুকাজ করা লেহেঙ্গার সঙ্গে সাদা গয়না এবং কপালে কালো পাথরের টিকলিতে নিজেকে সাজিয়েছেন বুবলী। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত–অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে। পোস্টে অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন।












