মহামায়া লেকের টোপাপানা পরিষ্কার, ফিরেছে স্বস্তি

বৃষ্টি ও বাতাসের প্রভাব

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের মহামায়া লেকের টোপাপানা পরিষ্কার হয়েছে। দীর্ঘ আট মাস পর লেকের সম্মুখ অংশে টলমলে স্বচ্ছ জলরাশি ফিরে আসায় দর্শনার্থী, ইজারাদার ও বন বিভাগের কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, লেকের সম্মুখ অংশের পুরো জুড়েই স্বচ্ছ জলরাশি। এক কোণে সামান্য টোপাপানা থাকলেও বাকি অংশে দর্শনার্থীরা নৌকায় ঘুরে বেড়াচ্ছেন। ফেনী থেকে আসা হাসান মুরাদ (৩৪) নামের এক দর্শনার্থী বলেন, টলমলে জলে পাহাড়ের কোল ঘেঁষে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে।

বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আল আমিন বলেন, দীর্ঘদিন মহামায়া লেকজুড়ে টোপাপানার আগ্রাসনে সবাই বিব্রত অবস্থায় ছিলেন। দৈনিক আজাদী পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছিল। কিন্তু এরপরই প্রাকৃতিকভাবে বৃষ্টি আর বাতাসের কারণে টোপাপানাগুলো সরে গিয়ে লেক জুড়ে স্বচ্ছতা ফিরে এসেছে। অথচ কদিন আগেও ৭ লাখ টাকা ব্যয় করেও কোনো কুলকিনারা পাওয়া যায়নি। কোটি টাকা ব্যয় হতে পারে এমন শঙ্কায় বন বিভাগ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। এখন সবার মনে স্বস্তি ফিরে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় নিখোঁজ স্কুলছাত্র ৩ দিন পর উদ্ধার
পরবর্তী নিবন্ধপরিত্যক্ত ১০ একর ভূমিতে বন্যপ্রাণীর খাদ্যোপযোগী ১০ হাজার বৃক্ষরোপণ