কক্সবাজারে বসতঘরে মিলল অস্ত্র-ইয়াবা, আটক ২

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

কঙবাজার শহরের আলীর জাঁহাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ছুরিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা ও দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকার ফায়সাল আক্তারের বাড়িতে কঙবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ফায়সাল আক্তার ও জাহিদ হাসান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফায়সাল আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের আলমারিতে তল্লাশি চালিয়ে দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র, ছুরি, ইয়াবা, সেবনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া নাম্বারবিহীন দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাখাল দাশগুপ্তের নাগরিক শোকসভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস