নগরীর পাহাড়তলীর কনকা ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিকপক্ষের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পাহাড়তলী থানা পুলিশের পৃথক টিম অভিযানে সহায়তা করে। একই অভিযানে অমিত ফুড প্রোডাক্টসকে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে (খাদ্যপণ্যে তেলাপোকা, ইঁদুর, পোকামাকড়, বিড়ালের বিচরণ) অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ বিহীন) উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী এ জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












