যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি কেবল কাগজে–কলমে হলেই হবে না, বাস্তবে এর প্রতিফলন না দেখা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হবে না। খবর বিডিনিউজের।
এই জলপথ পুরোপুরি সচল হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। জাপানের অন্যতম বৃহৎ শিপিং কোম্পানি মিতসুই ওএসকে লাইন্স–এর প্রধান নির্বাহী জোতারো তামুরা ব্রিটিশ দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। সাক্ষাৎকারটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি প্রায় বন্ধ হয়ে পড়ে। উল্লেখ্য, বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক–পঞ্চমাংশ (২০শতাংশ) এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। এছাড়া অ্যালুমিনিয়াম ও ইউরিয়ার মতো গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এই রুট ব্যবহৃত হয়। মিতসুই ওএসকে–এর প্রধান নির্বাহী জোতারো তামুরা ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শুধু একটি সাধারণ চুক্তি হওয়াই যথেষ্ট নয়। চুক্তিটিকে অর্থবহ হতে হবে এবং হরমুজ প্রণালির বাস্তব চিত্রে তার প্রতিফলন দেখতে হবে, যাতে শিপিং কোম্পানিগুলো সেখানে জাহাজ পাঠাতে নিরাপদ বোধ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ অবসানের চুক্তি ঘোষণার ঠিক আগেই তামুরা এই সাক্ষাৎকার দেন।












