দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি–৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে বোয়িংয়ের দুই কর্মীসহ আটজন নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, স্থানীয় সময় সোমবার ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকাকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর বিডিনিউজের।
দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা বহু মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস বলেন, আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে একটি ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে এবং আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি। নিহতরা সামরিক সদস্য, বেসামরিক সরকারি কর্মী এবং সরকারি ঠিকাদারদের সমন্বয়ে গঠিত একটি দলের সদস্য বলে জানান তিনি। এর আগে ঘাঁটি কর্তৃপক্ষ বলেছিল, প্রাথমিক তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।
কর্নেল হেইস পরে এক ব্রিফিংয়ে জানান, নিহতদের নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের জানানোর ২৪ ঘণ্টা পর নিহতদের নাম প্রকাশ করা হবে। হেইস বলেন, এ দুর্ঘটনাটি পুরোপুরিভাবে এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতের ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। তিনি জানান, ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচিকে সহায়তা করছিল বি–৫২ বিমানটি।












