ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে টি–টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য। আজ বুধবার থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অজিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে টাইগারদের। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের টি–টোয়েন্টিতেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। এর আগে অজিদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আছে টাইগারদের। ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে টাইগাররা। টি–টোয়েন্টিতে অজিদের বিপক্ষে এখন পর্যন্ত ১১ বারের দেখায় ৪ বার জয় ও ৭ বার হেরেছে বাংলাদেশ।
ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকলেও দলের পেস অ্যাটাক নিয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, আমাদের খুবই ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সেরা একাদশে যে কেউ সুযোগ পেতে পারে। পেসারদের মধ্যে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যা বাংলাদেশ দলের জন্য ভালো। এতে বেঞ্চ শক্তিশালী হচ্ছে।
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমন। সাকলাইন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দলে অন্যরা ছিলেন। অজিদের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান ছিল পেসারদের।
ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে ভালো করতে চান লিটন। তিনি বলেন, শুধুমাত্র আমরা সিরিজ জয় করিনি। তিন ম্যাচেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এবার টি–টোয়েন্টি ফরম্যাটে খেলা। তাই ফরম্যাট আলাদা, আমাদের দলও আলাদা, তাদের দলও আলাদা। লিটন বলেন, একটি ভালো ব্যাপার হলো আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে খেলেছে। সবারই আত্মবিশ্বাস আছে। কিন্তু একটি নির্দিষ্ট দিনে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও, শেষ ম্যাচের জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারে অস্ট্রেলিয়া। যা টি–টোয়েন্টি সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে অজিদের। এছাড়াও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ফেরায় উজ্জীবিত অস্ট্রেলিয়া। গোড়ালির ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মার্শ। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক–ব্যাটার জশ ইংলিশ। ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ব্যাটার ট্রাভিস হেড। তার জায়গায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার নিখিল চৌধুরী। ১৯৬৪ সালের পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আছে নিখিলের।












