আমার নাকি বিচার হবে

শিউলী নাথ | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

আমার নাকি বিচার হবে!

তোমাকে স্বার্থপরের মত ভালোবাসার বিচার,

তোমাকে পরম সান্নিধ্যে পাওয়ার বিচার,

তোমাকে কারো অংশীদার না করার বিচার।

আমার নাকি বিচার হবে!

আমার সকল স্বপ্নে

তোমার প্রবেশাধিকারের বিচার,

আমার জীবন সঙ্গীতে

তোমার সুর তোলার বিচার,

আমার সকল কর্মে

তোমার স্বাপ্নিক উপস্থিতির বিচার।

আমার নাকি বিচার হবে!

তোমার অবিশ্বাসের চরম সাক্ষী হবার বিচার,

তোমার ইচ্ছে বাসনাকে পরিপূর্ণতা দেবার বিচার,

তোমার মুখোশটাকে গোপনে লুকিয়ে রাখার বিচার।

উপরে যিনি বিচারক ন্যায়ের দণ্ড হাতে বসে,

তিনিই তো একমাত্র রাজসাক্ষী!

তবে তো শাস্তিবিধান নিশ্চিত!

আমার জন্য দুঃখ করো না,

শুধু তুমি প্রস্তুত থেকো!

পূর্ববর্তী নিবন্ধএকাকিত্বে অবহেলা নয় সাহচর্য জরুরি
পরবর্তী নিবন্ধযার অবদান বেশি, তার বদনামও বেশি