প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থকে নির্দিষ্ট প্রক্রিয়ায় উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। তবে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করব্যবস্থা গড়ে তুলতে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করে এবং অপ্রদর্শিত অর্থ সৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসে। বাজেটোত্তর এক প্রতিক্রিয়ায় রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ অপ্রদর্শিত অর্থ দীর্ঘদিন ধরে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রয়েছে। এ অর্থ আবাসনসহ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ পেলে তা অর্থনীতির মূল স্রোতে ফিরে আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। খবর বিডিনিউজের।
ড. আলী আফজাল বলেন, আবাসন খাত দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত এবং এর সঙ্গে প্রায় ২৬৯টি শিল্পখাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। ফলে এ খাতে নতুন বিনিয়োগ রড, সিমেন্ট, সিরামিক, বৈদ্যুতিক পণ্য, আসবাবপত্র ও পরিবহনসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে।











