শূন্যরেখায় রাত কাটছে ঠেলে দেওয়া ১২ জনের

কুষ্টিয়া সীমান্ত

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে গত শুক্রবার ‘পুশ ইন’ চেষ্টার শিকার ১২ জন শূন্যরেখায় রাত কাটিয়েছেন। ঘটনার ৩০ ঘণ্টা পর গতকাল দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি।

তবে শূন্যরেখায় অবস্থান করা ১২ জন আদৌ ভারতীয় নাগরিক কিনা, তা যাচাইবাছাই করে সিদ্ধান্ত জানানোর কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ। সেই পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। খবর বিডিনিউজের।

গতকাল শনিবার সকাল ১০টায় ১৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের রানীনগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমার এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে ৩০ মিনিট পতাকা বৈঠক হয়। তবে শূন্যরেখায় অবস্থান করাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

বিজিবি বলছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে উদ্ভূত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশ ইনের ঘটনা মেনে নেওয়া হবে না। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এছাড়া পুশ ইনের ঘটনা মোকাবিলায় এলাকাবাসীও সজাগ আছেন বলে জানিয়েছে বাহিনীটি।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প বলেছেন ইরান চুক্তি হবে আজ, দ্বিমত তেহরানের
পরবর্তী নিবন্ধঅপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানিয়েছে রিহ্যাব