বিশ্বকাপের গ্রুপ ‘বি’–এর ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবোলো। এটি এবারের বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল।
ম্যাচের ১৩ মিনিটে সুইস তারকা ব্রিল এমবোলোর বাড়িয়ে দেওয়া একটি হেড ধরে ডি–বঙের ভেতর দারুণ গতিতে ছুটে যাচ্ছিলেন রেমো ফ্রয়লার। কিন্তু কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা লাইনের বাইরে এসে ফ্রয়লারকে ফাউল করেন। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজালেও সুইস খেলোয়াড় অফসাইডে ছিলেন কিনা, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলে ভিএআর পরীক্ষা।
পরীক্ষা করার পর ভিএআর রেফারি মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন এবং পেনাল্টির গ্রিন সিগন্যাল দেন। এরপর ম্যাচের ১৭তম মিনিটে স্পট–কিক থেকে বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডকে ১–০ ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড ব্রিল এমবোলো।
এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। অনেক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল পায়নি তারা। এর আগে শুক্রবার রাতে এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।











