বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ১২ জুন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় টসে জিতে প্রবর্তক স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নামে। ৩৫.২ ওভার খেলে ৯৩ রান সংগ্রহ করে প্রবর্তক অলআউট হয়ে যায়। জবাবে সানশাইন বিনা উইকেটে ৯ রান করলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে মাঠ এবং পিচ বিজে যাওয়ায় খেলা আর হতে পারেনি। ফলে বৈরী আবহাওয়ার কারণে টসের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন ও প্রবর্তক স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয় । ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সানশাইন গ্রামার স্কুলের খেলোয়াড় মোহাম্মদ আবির। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দীন মো. আলমগীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর প্রবীণ কুমার ঘোষ, এ এস এম সাইফুদ্দিন, ইয়াছির আরাফাত, হারুন অর রশীদ, ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন, বিসিবি’র বিভাগীয় কোচ মোমিনুল হক, জেলা কোচ মাহবুবুল করিম মিঠু, টুর্নামেন্টের সমন্বয়কারী রাজকুমার, সিজেকেএস সহ প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল সমূহের খেলোয়াড় ও শিক্ষকবৃন্দ।












