রেকর্ডের বরপুত্র মেসি। রেকর্ড ভাঙা–গড়ার খেলায় মেতে থাকা লিওনেল মেসি এবার গড়লেন আরেকটি কীর্তি। আর্জেন্টিনার সবচেয়ে বয়সী গোলদাতা এখন এই মহাতারকা। বিশ্বকাপ মিশন শুরুর আগে সবশেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩–০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম মিনিটে নেমে, ৭২তম মিনিট পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মেসি। বলের লাইনে ঝাঁপ দিলেও আটকাতে পারেননি আইসল্যান্ড গোলকিপার। তাতেই রেকর্ডের বইয়ের আরেকটি পাতায় নাম ওঠে ইন্টার মায়ামি তারকার। ৬৯ বছর আগে, ১৯৫৭ সালে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডটি গড়েছিলেন ‘এল ফিও’ আনজেল লাব্রুনা। রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর, ৯ মাস, ১০ দিন। আইসল্যান্ডের বিপক্ষে মেসি গোল করেছেন ৩৮ বছর, ১১ মাস, ১৮ দিন বয়সে। আর্জেন্টিনার হয়ে এটা তার ১১৭তম গোল। বলার অপেক্ষা রাখে না, আলবিসেলেস্তাদের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আন্তর্জাতিক গোলদাতার তালিকায় মেসির অবস্থান দ্বিতীয় স্থানে। তার সামনে আছেন, আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো, ১৪৩ গোল নিয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা– এই তিন দেশে হতে যাওয়া এবারের প্রতিযোগিতায় আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করবে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে প্রথম এই শিরোপার স্বাদ পেয়েছিলেন মেসি।












