বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ দেখছেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ এক মৌসুম কাটিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। আর এই ফর্মের কারণেই বিশ্ব জয়ের জন্য এবারের আসরকে তার সেরা সুযোগ মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক। ২০২৫২৬ মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছেন কেইন, বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে ৫৭ ম্যাচে তার গোল ৬৭টি। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার এখন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে খেলার অপেক্ষায়। নিজের প্রথম বিশ্বকাপে ২০১৮ সালে তিনি জিতেছিলেন গোল্ডেন বুট। সেবার ইংল্যান্ড হয়েছিল চতুর্থ। এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার বললেন, এবার কাঙ্ক্ষিত সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার পালা। ‘এটা আমার তৃতীয় বিশ্বকাপ। আমি এখন যে ফর্মে আছি এবং এই মৌসুমে যেভাবে খেলেছি, তাতে বিশ্বকাপ জয়ের জন্য সম্ভবত আমার পুরো ক্যারিয়ারে এটাই সেরা সুযোগ। আমরা ৬০ বছর ধরে ইংল্যান্ডের জার্সিতে কিছু জিতিনি, আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম এবং সেই দরজায় কড়া নেড়েছিলাম। তবে এখন সেই রেখা অতিক্রম করার সময় এসেছে।’ ‘এই টুর্নামেন্টই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে, ফুটবলে কিছুই বলা যায় না। আমি অনেকদিন খেলতে চাই। আমার জীবনের সেরা সময় পার করছি, মনে হচ্ছে আমার সেরা ফর্মে আছি। কিন্তু চোটের ব্যাপারে সামনে কী আছে, তা তো বলা যায় না।’

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল
পরবর্তী নিবন্ধপ্রথম ম্যাচের আগে ব্রাজিলের জন্য বিশাল সুখবর